• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

কারা জনগণের বন্ধু, কারা নয়; সময় এসেছে নির্ণয় করার: প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশ সকাল ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় বর্তমান সরকার, কিন্তু বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করতে চায়। আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু কারা নয়— সেটি সঠিকভাবে নির্নয় করতে হবে।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদল বলছে, গণবিরোধী এই বাজেট তারা মানে না। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধীদল মানে না, যেই বাজেটে মদ ও সিগারেটের দাম বাড়নো হয়, তাও তারা মানে না। তাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।

তিনি বলেন, ভোটের কালী শুকানোর আগেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আগেই বলেছি, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমরা জানি গ্রামে-গঞ্জে মিলিয়ে বাংলাদেশে ৭০ থেকে ৮০ ভাগ খেটে খাওয়া মানুষ। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গেছেন। এই নারীরা যদি স্বাবলম্ভী না হয়, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সে জন্য এই নরীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বর্তমান সরকার ফ্রি করার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, যারা ভালো করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দেব, সে ব্যবস্থাও আমরা রেখেছি।

বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার অনেক বিষয়ের ওপর আগের সরকার ট্যাক্স বসিয়েছিলো, বর্তমান সরকার বাজেটে ট্যাক্স তুলে নিয়েছে।

তিনি জানান, চিকিৎসা ব্যয় কমানোর জন্য অনেকে ক্ষেত্রে ট্যাক্স তুলে নেয়া হয়েছে। জুলাই মাস থেকে হৃদরোগ, কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় অর্ধেকে নামবে।

বাজেট ঘোষোনার পরে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবার বাড়েনি বলেও তার বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও